নবান্নের নির্দেশ অমান্য করে নীলবাতির গাড়িতে ঘুরছেন ধনেখালির বিডিও !
- Israil Mallick
- 16 Oct, 2025
নিজস্ব প্রতিবেদন - সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে ভিআইপি সেজে দেদার ঘুরে বেড়ানোর অভিযোগ ধনেখালির বিডিও'র বিরুদ্ধে।শুধু তা-ই নয়,গাড়িতে আছে হুটারও।রাজ্যের কোনও বিডিও'র গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অনুমতি না থাকলেও নিজেকে ভিআইপি জাহির করতে ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আইনের রক্ষকরাই ভাঙছেন আইন।তা দেখেও চুপ পুলিশ-প্রশাসন।কয়েক বছর আগে লাল-নীল বাতির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট।আর তারপরেই লাল,নীল বাতির অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেয় নবান্ন।কারা গাড়িতে লাল,নীল বাতি ব্যবহার করতে পারবেন সে বিষয়ে জারি করা হয় নির্দেশকা।রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী,প্রতিমন্ত্রী, মুখ্যসচিব,অতিরিক্ত মুখ্যসচিব,প্রধান সচিব,ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,ডিজি দমকল,পুলিশের আইজি ও ডিআইজি,জেলার পুলিশ সুপার,জেলা শাসক, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার,মিউনিসিপ্যাল কমিশনার,পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার,ডেপুটি পুলিশ কমিশনার,পুলিশ পেট্রোল গাড়ি, এসডিও এবং এসডিপিও'রা গাড়িতে নীল বাতি ব্যবহার করতে পারেন।এই তালিকায় কিন্তু বিডিও'দের কথা বলা নেই। গাড়িতে নীল বাতি ব্যবহার করার অধিকার বিডিও'দের দেয়নি রাজ্য সরকার।তা সত্ত্বেও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও।ধনেখালির বিডিও'র গাড়িতে আবার নীল বাতির পাশাপাশি লাগানো রয়েছে হুটার।সরকারি নির্দেশিকা সম্পর্কে বিডিও'রা কিছুই জানেন না এমনটা নয়।নিজেদের ভিআইপি জাহির করতেই বিডিও'রা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আর সব কিছু দেখে শুনেও নির্বিকার পুলিশ প্রশাসন।নবান্নের নির্দেশ অমান্য করে কিভাবে নীলবাতির গাড়িতে ঘুরছেন বিডিও ? আইন কি শুধু সাধারণ মানুষের জন্য ? নীল বাতির অপব্যবহার রুখতে পুলিশ প্রশাসন কেন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ? উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
