ঘিয়া নদীকে দূষণমুক্ত করতে কড়া বার্তা অভিষেকের
- Israil Mallick
- 30 Apr, 2026
নিজস্ব প্রতিবেদন - ঘিয়া নদীকে দূষণমুক্ত করতে কারখানা মালিকদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।এক মাসের মধ্যে ঘিয়া নদী দূষণ রোধে কারখানা মালিকরা যদি যথাযথ ব্যবস্থা না নেন,তাহলে নতুন সরকার গঠিত হওয়ার এক মাসের মধ্যে কারখানা মালিকদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার গুড়াপে হাইরোডের ধারের কারখানার দূষণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় দরবার করছেন সাধারণ মানুষ।কিন্তু তাদের কথাই কেউই কর্ণপাত করেনি।অবশেষে ভোটের মুখে ঘিয়া নদী দূষণ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অসীমা পাত্রের সমর্থনে গুড়াপের কংসারীপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে কারখানা মালিকদের চেতাবনি দিলেন অভিষেক। অভিষেক বলেন,গুড়াপে কয়েকটি কারখানা আছে।সেখান থেকে দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে।যার ফলে গুড়াপ,ভাস্তাড়া, কংসারীপুর সহ আশেপাশের ৫০/৬০ টি গ্রামের মানুষ বিপদে আছেন। সরকারের পক্ষ থেকে একবার পরিদর্শন করা হলেও এখনও পর্যন্ত সুরাহা হয়নি। চাষীভাইদের খুব অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা করে যদি কেউ ভাবে পার পেয়ে যাব, সেটা হবে না বলে জানান তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে,গুড়াপের কয়েকটি গেঞ্জি কারখানার দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে।এর ফলে ঘিয়া নদীর দূষণ বাড়ছে,মার খাচ্ছে চাষ,ক্ষতি হচ্ছে চাষীদের।ঘিয়া নদী দূষণ রোধে অভিষেকের কড়া বার্তার পর কারখানা মালিকরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *