টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রতারণা,করণদিঘিতে পুলিশের জালে ৫
- Israil Mallick
- 04 Sep, 2026
টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য পেল করণদিঘি থানার পুলিশ।টুঙ্গিদিঘি এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার নোটের আদলে তৈরি সাদা কাগজের বান্ডিল এবং পাঁচটি মোবাইল ফোন।পুলিশ সূত্রে জানা গেছে,টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার করণদিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ৫৩০/২০২৬ নম্বর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে নেমে টুঙ্গিদিঘি এলাকায় অভিযান চালান তদন্তকারী পুলিশ আধিকারিকরা।অভিযানের সময় ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ছয়টি সিল করা প্যাকেট উদ্ধার করা হয়।প্যাকেটগুলির ভিতরে ৫০০ টাকার নোটের মাপের সাদা কাগজের বান্ডিল ছিল।আসল টাকার বান্ডিলের মতো দেখিয়ে প্রতারণার কাজে এগুলি ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।এছাড়াও ধৃতদের কাছ থেকে বিভিন্ন সংস্থার পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,ধৃতরা শুধু একটি এলাকাতেই নয়,বিভিন্ন জায়গায় একই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত থাকতে পারে।এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত,কোথায় কোথায় প্রতারণা চালানো হয়েছে এবং প্রতারণার মাধ্যমে কত টাকা হাতানো হয়েছে,তা খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *